News

অনুমোদিত মাধ্যম ছাড়া টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট না কেনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এসব মাধ্যম থেকে টিকিট কিনে প্রতারণা কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায়ভার নেওয়া হবে না। তাই যাত্রীদের শুধু অনুমোদিত মাধ্যম থেকে টিকিট কিনতে বলা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ট্রেনের টিকিট কিনতে হবে শুধু বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট https://eticket.railway.gov.bd, ‘রেল সেবা’ অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে। অনুমোদিত মাধ্যমের বাইরে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে কোনো ধরনের আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না।

এ ছাড়া যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ অন্যান্য গোপনীয় তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে রেলওয়ে।

উল্লেখ্য, নিরাপদে ট্রেনের টিকিট কেনার জন্য যাত্রীদের সব সময় বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

source: Asia Post

Back to top button