News

টাঙ্গাইলে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ থাকায় ঘরের কিছু অংশ ও টিনের বেড়া ভেঙে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির লাশ দাফন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল সালাম ওই গ্রামের একাব্বর আলীর ছেলে। শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসেন। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি।

বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন জানান, কবরস্থানে যাওয়ার রাস্তা বের করে দিতে প্রতিবেশীদের অনুরোধ করা হয়েছিল। তবে তারা তাতে সাড়া দেননি।

মৃতের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ জানান, রোববার সকালে লাশ কবরস্থানে নেওয়ার সময় রাস্তা না থাকায় তারা এলাকাবাসীর সহায়তা চান। পরে স্থানীয় লোকজন একত্র হয়ে রাস্তার মাঝখানে থাকা ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করেন। এরপর সকাল ১১টার দিকে আব্দুল সালামের লাশ দাফন করা হয়।

এলাকাবাসীর ভাষ্য, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে রাস্তাটি বন্ধ রয়েছে। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধ চলে আসছে।

বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল জানান, রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করায় লাশ নিয়ে কবরস্থানে যাওয়া সম্ভব হচ্ছিল না। পরে স্থানীয় লোকজন ঘর ভেঙে পথ তৈরি করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। লাশ দাফন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

source: Asia Post

Back to top button