রিয়াদ বিমানবন্দরে হামলা, ১০ ফ্লাইট বাতিলে দুর্ভোগে ৩৪৩১ যাত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ৩ হাজার ৪৩১ প্রবাসী যাত্রী দুর্ভোগে পড়েছেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব।
সাকিব বলেন, ‘হামলায় সৌদির রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে এখন পর্যন্ত মোট ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ৩৪৩১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বন্ধ থাকা বিমানের ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি ও রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।’
বিমানবন্দরে গিয়ে দেখা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ফ্লাইট ধরতে বিমানবন্দরে এসেছিলেন প্রবাসী যাত্রীরা। কিন্তু যাত্রা হয়নি। সেই যাত্রার জন্য দীর্ঘ অপেক্ষা, তার সঙ্গে সঙ্গে বাড়ছে অনিশ্চয়তা। রিয়াদগামী অনেক যাত্রীর রোববার (১১ অক্টোবর) থেকে সময় কাটছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
যাত্রীরা বলছেন, টিকিট থাকার পরও গন্তব্যে যেতে পারছেন না। কখন উড়বে ফ্লাইট, কবে শেষ হবে অপেক্ষা, সেই উত্তর খুঁজছেন তারা।
source: Asia Post







