News

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতিশাম

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ ইহতেশামুল হক হিরা। তিনি ঢাকার মিরপুর ১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী।

শনিবার (১০ অক্টোবর) মালয়েশিয়ার বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে ৬ অক্টোবর প্রতিযোগিতার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিংগিত নগদ অর্থ (বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৭ হাজার ২৯৭ টাকা), সম্মাননা ট্রফি, ৫ হাজার রিংগিত মূল্যের ওমরাহ (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫০ হাজার ৭৪৮ টাকা) অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিংগিত মূল্যের (বাংলাদেশি মুদ্রায় ৯০ হাজার ৩০০ টাকা) স্বর্ণের বার।

এর আগে মারকাযু ফয়জিল কোরআনের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ, সাদ নুরসহ অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

মারকাযের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ তাআলা যেন হিরাসহ আমাদের প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য আলেম, আদর্শ মানুষ ও দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করেন।

source: Asia Post

Back to top button