ডিএমপিতে ৮ কর্মকর্তার বদলি ও পদায়ন, ২ থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে মিরপুর বিভাগের গুরুত্বপূর্ণ দুটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) এবং যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে থানাগুলোর বর্তমান ওসিসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে ডিএমপির বিভিন্ন বিশেষায়িত ও তদন্ত বিভাগে বদলি করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে এবং রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে এবং রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহাদুল খানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে পাঠানো হয়েছে।
অন্যদিকে, গোয়েন্দা-ওয়ারী বিভাগের পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) এবং যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) এ. কে. এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
source: Asia Post







