বাস ভাড়া করে কক্সবাজার ভ্রমণে বরিশালের মাদক কারবারিরা, ফেরার পথে গ্রেপ্তার

বরিশালের কেডিসি এলাকার মাদক মামলার আসামিদের একটি দল প্রায় দুই লাখ টাকা খরচ করে পরিবারসহ কক্সবাজার ভ্রমণে গিয়েছিল। পাঁচ দিন পর বরিশালে ফেরার পথে বাসে তল্লাশি চালিয়ে ওই দলের পাঁচজনকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাদের আগের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে পাঁচজনকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া পাঁচজন হলেন নগরীর কেডিসি বস্তির নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) ও আসমা বেগম (৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান থেকে বাঁচতে কেডিসি এলাকার মাদক মামলার আসামিদের একটি দল প্রায় দুই লাখ টাকা খরচ করে ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করে পরিবারসহ কক্সবাজারে যায়। সেখানে পাঁচ দিন অবস্থানের পর সোমবার দুপুরে বরিশালের উদ্দেশে রওনা হয় তারা।
ফেরার পথে বরিশাল বিমানবন্দর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ বাসটি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায়। এ সময় বাসে থাকা ওই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। তবে তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে থাকা আগের মাদক মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক তানজিল আহমেদ জানান, নিলুফা বেগমের বিরুদ্ধে নয়টি, রাসেল হাওলাদারের বিরুদ্ধে দুটি, মো. সোহেনের বিরুদ্ধে চারটি, মিঠু হাওলাদারের বিরুদ্ধে দুটি এবং আসমা বেগমের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
source: Asia Post







