‘নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে’

নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির নোট অব ডিসেন্টসহ সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এ সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা অঙ্গীকার, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।’
তিনি বলেন, ‘কেউ এখন যদি দাবি করে যে, নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য; সে জায়গায় আমরা নেই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষর হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলেই সংবিধান সংশোধনের অন্য বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। তাই সংবিধান সংশোধনের ক্ষেত্রে আরো বিষয় বিবেচনায় নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আরও অনেক বিষয় আছে এখানে সংশোধনের মধ্যে আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, বিভিন্ন জনতার মধ্যে আছে। আমাদের আরো কিছু বক্তব্য হয়তো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আসতে পারে। সেগুলো আমরা ধারণ করে একটা বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্য রিপোর্টটা প্রদান করব।’
source: Asia Post







