News

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলা, ঘুমন্ত ৫ বাসিন্দা নিহত

গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। হামলার সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।

শনিবার (৩ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা।

আল-শিফা হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়ে রয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম গাজা সিটির রিমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

আল-জাজিরার খান ইউনিস প্রতিনিধি হানি আল-শায়ের জানান, হামলার সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রথমে যুদ্ধবিমানগুলোর বিকট শব্দ শুনতে পাওয়া যায় এবং পরপর তিনটি হামলা চালানো হয়। এতে লক্ষ্যবস্তু করা অ্যাপার্টমেন্টটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ভবনটির নিচের কয়েকটি তলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়, যা প্রায় এক ঘণ্টা পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সিভিল ডিফেন্সের দল কাজ শুরু করে। নিখোঁজদের সন্ধান ও মরদেহ উদ্ধারের সময়ও এলাকার আকাশে ইসরায়েলি ড্রোন চক্কর দিতে দেখা গেছে এবং নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ার শব্দ পাওয়া গেছে।

তিনি আরও জানান, রিমাল গাজা সিটির অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। সংঘাতের কারণে সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ বর্তমানে অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

source: Rajneete

Back to top button