দৈনিক সবুজের প্রধান সম্পাদক আফছর উদ্দিন মারা গেছেন

ময়মনসিংহ থেকে প্রকাশিত জনপ্রিয় ‘দৈনিক সবুজ’ পত্রিকার প্রধান সম্পাদক মো. আফছর উদ্দিন মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত আটটার দিকে নগরের মহারাজাস্হ এলাকার বাসভবনে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, মো. আফছর উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। শুক্রবার রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মো. আফছর উদ্দিন ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ী এলাকার মৃত হিম্মত ব্যাপারীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে ময়মনসিংহ শহরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে তিনি স্থানীয় সংবাদপত্র প্রকাশনা ও সম্পাদনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ছেলে মঈন উদ্দিন রায়হান দৈনিক সবুজ-এর সম্পাদক ও প্রকাশক এবং দেশ রূপান্তর-এর ময়মনসিংহ প্রতিনিধি।
মঈন উদ্দিন রায়হান বলেন, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শেষ পর্যন্ত শুক্রবার রাতে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। শনিবার বাদ জোহর ময়মনসিংহ নগরের বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নগরের কালিবাড়ী গোরস্থানে মরদেহ সমাহিত করা হবে।
ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, আফছর উদ্দিন ছিলেন অত্যন্ত অমায়িক, সদালাপী ও ভালো মনের মানুষ। দীর্ঘ সময় ধরে তিনি সংবাদপত্র ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তার চলে যাওয়া স্থানীয় সাংবাদিক সমাজের জন্য একটি বেদনাদায়ক ঘটনা।
ময়মনসিংহের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল হাসিম বলেন, আফছর উদ্দিনের সঙ্গে যারা কাজ করেছেন, তারা তার সহজ-সরল ব্যবহার ও মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্কের কথা মনে রাখবেন। স্থানীয় সংবাদপত্রের সঙ্গে তার দীর্ঘ সম্পৃক্ততা ময়মনসিংহের সাংবাদিকতার ইতিহাসেরও একটি অংশ।
source: Asia Post







