News

পুলিশ পেটানো সেই যুবদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের সীতাকুণ্ডে থানার প্রধান ফটকে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে কর্তব্যরত এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশাগত দায়িত্ব পালনকালে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা প্রদান ও অসদাচরণের সুস্পষ্ট অভিযোগে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি।
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার প্রধান ফটকের সামনে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেনের সঙ্গে থানার গাড়িচালক কনস্টেবল মো. শফিকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে কনস্টেবল শফিক আহত হন। তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পরপরই পুলিশ ইসমাইলকে আটক করে থানায় নিয়ে যায়। এতে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা থানায় জড়ো হলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ দলীয় নেতাদের মধ্যস্থতা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মুচলেকা নিয়ে ইসমাইলকে নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কির জেরে কনস্টেবল শফিকের ওপর হামলার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মুচলেকা নিয়ে তাকে স্থানীয় নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

source: Asia Post

Back to top button