News

ট্রফি বিতরণে বিকল্প প্রস্তাব দিয়েছিল বিসিসিআই, মানেনি এসিসি

নারী এশিয়া কাপের ট্রফি বিতরণ নিয়ে বিতর্কের আগে সমাধানের প্রস্তাব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মহসিন নকভির বদলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্য কোনো কর্মকর্তা ট্রফি তুলে দিলে ভারতীয় দল অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছিল বিসিসিআই। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি এসিসি।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ফাইনালের আগেই নিজেদের অবস্থান এসিসিকে জানিয়ে দিয়েছিল ভারত। নকভি ট্রফি দিলে নারী দল পুরস্কার বিতরণীতে যাবে না, সেটিও পরিষ্কার করা হয়েছিল।

সাইকিয়া বলেন, ‘আমরা এসিসির সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমি ব্যক্তিগতভাবেও এসিসি চেয়ারম্যানকে জানিয়েছিলাম, পুরুষ দলের ক্ষেত্রে যেভাবে পুরস্কার বিতরণী হয়েছিল, একইভাবে হলে আমরা অনুষ্ঠানে অংশ নেব না। তারা নিজেদের অবস্থান বদলাতে চায়নি, তাই আমাদের আর কোনো উপায় ছিল না।’

বিসিসিআইয়ের প্রস্তাব ছিল, এসিসির সভাপতি বা সহসভাপতি ট্রফি তুলে দিতে পারেন। বিশেষ করে উপ-চেয়ারম্যান খালিদকে দিয়ে ট্রফি দেওয়ার কথা জানিয়েছিল ভারতীয় বোর্ড।

সাইকিয়া বলেন, ‘খালিদ সাহেব যদি ট্রফি তুলে দিতেন, আমরা অনুষ্ঠানে যেতাম। সেটিই ছিল আমাদের প্রস্তাব। কিন্তু সেটি গ্রহণ করা হয়নি।’

মহসিন নকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সাইকিয়ার ভাষায়, ‘আমাদের অবস্থান খুব পরিষ্কার। চেয়ারম্যান এমন একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। বিশেষ করে পেহেলগাম ঘটনার পর আমরা তার কাছ থেকে ট্রফি নেব না।’

নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ট্রফি গ্রহণ করেনি ভারত। গত বছর পুরুষ এশিয়া কাপেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবারও নকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারতীয় দল।

তবে দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতে আসবে বলে আশাবাদী বিসিসিআই সচিব। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত, খুব শিগগিরই শুধু নারী এশিয়া কাপ নয়, পুরুষ এশিয়া কাপের ট্রফিও আমরা পাব।’

সাইকিয়ার দাবি, আগে এসিসিতে প্রচলিত রীতি ছিল বিজয়ী দেশের বোর্ডের কোনো কর্মকর্তাকে দিয়ে ট্রফি তুলে দেওয়া। কিন্তু গত বছর থেকে সেই প্রথা আর মানা হচ্ছে না।

এশিয়া কাপের বিতর্কের মধ্যেই এখন এশিয়ান গেমসকে লক্ষ্য করছে ভারত। সাইকিয়া জানিয়েছেন, নারী ও পুরুষ দুই বিভাগেই সোনা জেতাই বিসিসিআইয়ের লক্ষ্য।

source: Asia Post

Back to top button