News

সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে

ভারতের আদানি পাওয়ারের গড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ তিন দিন পর পূর্ণ মাত্রায় পুনরায় চালু হয়েছে। ফলে বাংলাদেশ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম জানান, গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪ মিনিটে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়। ইউনিট-২ পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু করায় সন্ধ্যা ৬টায় সরবরাহের পরিমাণ বেড়ে ১ হাজার ৪৫০ মেগাওয়াটে উন্নীত হয়।

আদানি পাওয়ারের তথ্যমতে, কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ইউনিট-২-এর বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।

২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে। চুক্তি অনুযায়ী, গড্ডায় অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার কথা রয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আদানি পাওয়ার গত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশকে প্রায় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছিল।

আদানির ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে গঠিত এ বিদ্যুৎকেন্দ্রটি বিপিডিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একমাত্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

সূত্র: বাসস

source: Asia Post

Back to top button