মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের চালানো রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে চালানো এই হামলায় ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট বিমানের একটি ডানা সম্পূর্ণ খুলে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘাঁটিতে থাকা অন্তত আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেগুলোকে ইতোমধ্যে প্রাথমিক মেরামত শেষে আবারও সার্ভিসে ফিরিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করা না হলেও সংঘাত শুরুর পর এটি বাণিজ্যিক জাহাজ ও সামরিক স্থাপনায় চালানো অন্যতম তীব্র হামলা বলে মনে করা হচ্ছে।
আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তেহরান যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন শেষ হওয়ার পরই তেহরান ‘অবিলম্বে’ শান্তির আর্জি জানাবে। পাশাপাশি ইরানের আণবিক স্থাপনা সমৃদ্ধ ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় নতুন তৎপরতার ওপর নজর রাখা হচ্ছে জানিয়ে ট্রাম্প সতর্ক করেন—চালাকি করার চেষ্টা করা হলে সেখানে খুব কঠোর আঘাত হানা হতে পারে।
source: Rajneete







