News

ইনমার ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেলেন প্রথম আলোর তাহমীদ

সংবাদমাধ্যমের বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেয়েছেন প্রথম আলোর অ্যাডভারটাইজিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ তাহমীদ জারিফ। গত শুক্রবার ইনমার ওয়েবসাইটে চলতি বছরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যমে কর্মরত ৩০ বছরের কম বয়সিদের স্বীকৃতি দিতে ইনমা তাদের ‘ইয়ং প্রফেশনালস ইনিশিয়েটিভ’-এর আওতায় এ পুরস্কার দিয়ে থাকে। এবার সপ্তম বছরের মতো এই পুরস্কার দিচ্ছে ইনমা। এ বছর ১৮০ জন প্রতিযোগীর মধ্য থেকে ৩০ জনকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে।

তাহমীদ জারিফ ‘অ্যাডভার্টাইজিং’ শ্রেণিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এ বছর বাংলাদেশ থেকে তিনিই একমাত্র বিজয়ী হিসেবে আন্তর্জাতিক এই সম্মাননা অর্জন করেছেন।

পুরস্কারপ্রাপ্তদের ইনমার এক বছরের সদস্যপদ, দুটি মাস্টারক্লাস ট্রেনিং এবং মিডিয়া ইনোভেশন উইক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ ও টিকিট দেওয়া হবে। এসব সুবিধা তাদের সংবাদমাধ্যম শিল্প সম্পর্কে জ্ঞান বৃদ্ধি, যোগাযোগের পরিসর সম্প্রসারণ এবং তাদের পেশাগত উৎকর্ষ অর্জনে সহায়তা করবে।

আরো পড়ুন

এই পুরস্কারের জন্য বাছাইয়ের ক্ষেত্রে ইনমার বিচারকেরা প্রতিযোগীদের কৃতিত্বের রেকর্ড, সংবাদমাধ্যমের বৃহত্তর পরিসরে প্রভাব রাখার সক্ষমতা এবং ব্যতিক্রমী নেতৃত্বগুণের পরিচয় দেওয়ার মতো দক্ষতা বিবেচনায় নিয়ে থাকেন।

তাহমীদ জারিফের বিষয়ে ইনমা বলেছে, ব্যবসায় প্রশাসনে (বিবিএ) মার্কেটিং বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) থেকে স্নাতক সম্পন্ন করে ২০২৪ সালে প্রথম আলোয় যোগ দেন তিনি। মাত্র ১৮ মাসের মধ্যে এন্ট্রি লেভেল থেকে এক্সিকিউটিভ পদে তার এই দ্রুত পদোন্নতি, কৌশলগত দূরদর্শিতা এবং উচ্চমানের মিডিয়া ইকোসিস্টেম গড়ে তোলার সহজাত দক্ষতারই প্রমাণ। সংবাদমাধ্যমের প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে নতুন খাত উদ্ভাবনে তিনি বিশেষ পরিচয় দিয়েছেন। তিনি ফাইভ স্টার হোটেল ও এয়ারলাইনসগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করে। পরবর্তীতে এভিয়েশন খাত নিয়ে বিশেষ ক্রোড়পত্র এবং দেশের পর্যটন খাতকে ঘিরে ‘চেক ইন’ নামীয় ট্যাবলয়েড প্রকাশে অগ্রণী ভূমিকা রাখেন। এনজিও খাতনির্ভর প্রকাশনা ‘উন্নয়ন সঙ্গী’-র সর্বশেষ সংস্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেখানে অসংখ্য এনজিও-র সাথে সফল অংশীদারিত্ব নিশ্চিত করে ২০২৫ সালে প্রথম আলোর বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে বড় অবদান রাখেন।

নিজের এই অর্জন সম্পর্কে তাহমীদ জারিফ বলেন, বর্তমান সময়ে সংবাদমাধ্যমের বিজ্ঞাপন শুধু বিজ্ঞাপন প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি টেকসই ব্যবসায়িক মডেল তৈরি এবং অংশীদারদের জন্য প্রকৃত মান ও প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়। ইনমার কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এই অর্জনের সমান অংশীদার প্রথম আলোর দূরদর্শী নেতৃত্ব, আমার মেন্টর এবং সহকর্মীরা, যারা আমাকে নতুন কিছু তৈরি করার ক্ষেত্রে সৃজনশীল স্বাধীনতা দিয়েছেন এবং আমার ওপর আস্থা রেখেছেন।

পুরস্কার প্রাপ্তদের বিষয়ে ইনমার নির্বাহী পরিচালক ও সিইও আর্ল জে উইলকিনসন বলেন, এই ‘থার্টি আন্ডার থার্টি’ বিজয়ীরা দেখিয়ে দিচ্ছেন সংবাদমাধ্যম শিল্প কোন দিকে এগোচ্ছে; তারা দারুণ সাংবাদিকতার পাশাপাশি ডেটা, প্রডাক্ট ও পাঠককেন্দ্রিক চিন্তাধারার দিকে এগিয়ে যাচ্ছেন। এই তরুণ পেশাজীবীরা ব্যবসার ধরন বদলাতে কারও অনুমতির অপেক্ষা করছেন না, তারা এরই মধ্যে তা করছেন এবং ইনমা তাদের স্পটলাইটে আনতে পেরে গর্বিত।

source: Asia Post

Back to top button