দুই দিন পর রাজশাহী থেকে সারা দেশে বাস চলাচল স্বাভাবিক

দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ঢাকাসহ বিভিন্ন রুটে বাস ছেড়ে যেতে শুরু করে। এতে দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ থাকায় আটকে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধ কেন্দ্র করে শুক্রবার প্রথমে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন শনিবার সকালে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ হয়ে যায়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন।
সূত্র জানায়, রাজশাহী থেকে দর্শনাগামী রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই জেলার পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে পাল্টাপাল্টি বাস আটকের ঘটনা ঘটে।
শনিবার সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে রাখার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাজশিয়া থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিক-শ্রমিকরা।
বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেক যাত্রী আগে থেকে টিকিট কেটে বাসের অপেক্ষায় ছিলেন। কেউ কেউ জরুরি প্রয়োজনে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।
ঢাকাগামী যাত্রী মো. কামরুজ্জামান বলেন, বাস বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ঢাকায় যেতে পারিনি। এখন বাস চলাচল শুরু হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি।
আরেক যাত্রী সাইফুল ইসলাম বলেন, হঠাৎ করে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েছেন। এ ধরনের বিরোধ যেন আর যাত্রীদের ভোগান্তির কারণ না হয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহী থেকে সারা দেশে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
source: Asia Post







