নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমানের উন্নয়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের খেয়াল রাখতে হবে—তাদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে যেন রাষ্ট্র, জনগণ ও মানুষের কল্যাণ সাধিত হয়। সাংবাদিকতার কারণে কোনো মানুষ যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও দায়িত্বশীলতার সাথে নজর দিতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের সার্বিক কল্যাণে প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শিগগিরই একটি উপযোগী নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।
ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি, বিজেপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য দেন।
সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
source: Asia Post







