বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ায় কানাডাকে ‘খোঁচা’ ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর কানাডাকে ‘খোঁচা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও কানাডা অঙ্গরাজ্যের মতো সব ধরনের সুবিধা পেতে চায়।
বিবিসি জানাচ্ছে, শুক্রবার রাতে দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার বেশ কিছু পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করে আসছে।
এর আগে নতুন মার্কিন শুল্কের সমালোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার ভাষায়, কানাডার অর্থনীতি ক্ষতিগ্রস্ত ও দেশটিকে বিভক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপটি ভুল হিসাবের ফল।
কার্নি জানান, আগামী ৮ সেপ্টেম্বর থেকে ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন মার্কিন পণ্যের ওপর সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। তাঁর দাবি, দুই দেশ এরই মধ্যে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে।
শনিবার কার্নি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় অনেক বেশি সুবিধা নিতে চেয়েছে, অথচ বিনিময়ে দিতে চেয়েছে খুব কম। তাঁর ভাষায়, আক্রান্ত হওয়ার পর কানাডা এখন নিজেদের রক্ষায় পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার কথা ট্রাম্প আগেও একাধিকবার বলেছেন। এবার বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর তাঁর নতুন মন্তব্য সেই পুরোনো অবস্থানেরই পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এই বক্তব্য কানাডার রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের মধ্যে আগেও ক্ষোভ তৈরি করেছে।
দুই দেশের মধ্যে কয়েক দশকের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের মধ্যেই সর্বশেষ আলোচনার এই ব্যর্থতা নতুন চাপ তৈরি করেছে। সপ্তাহের শুরুতে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে উভয় পক্ষ আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত একে অপরের বিরুদ্ধে প্রস্তাব পরিবর্তনের অভিযোগ এনে আলোচনা থেকে সরে যায়।
যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শতাংশ শুল্ক কানাডা থেকে আমদানি করা প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর কার্যকর হবে। এই পরিমাণ কানাডা থেকে যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৫ শতাংশ।
source: Rajneete







