News

গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে ‘ইডেন কলেজ রিসার্চ সোসাইটি’র যাত্রা

দেশের ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটি (ইএমসিআরএস)’।

গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে রোববার (১৬ আগস্ট) দুপুরে কলেজ অডিটোরিয়ামে ‘অভিষেক অনুষ্ঠান-২০২৬’-এর আয়োজন করেছে সংগঠনটি। অনুষ্ঠানের প্রতিপাদ্য—‘ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীদের গবেষণার ভবিষ্যৎ রূপরেখা’।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. আবদুস সালাম। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা। কী-নোট স্পিকার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের মডারেটর ড. মোহাম্মদ মঞ্জুরুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহনাজ পরভীন এবং কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করবেন কলেজের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ নোমান।

আরো পড়ুন

আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ রিসার্চ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি ও বিইউআরএস। অভিষেক অনুষ্ঠানের মিডিয়া পার্টনার অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক গণমাধ্যম এশিয়া পোস্ট এবং দ্য ডেইলি ক্যাম্পাস। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসা. কামরুন্নাহার হেনা।

ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটি (ইএমসিআরএস) সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার আশা এশিয়া পোস্টকে বলেন, ‘গবেষণাভিত্তিক সংগঠন ইএমসিআরএস-এর মূল লক্ষ্য সাধারণ শিক্ষার্থীদের গবেষণাকাজে আগ্রহী করে তোলা এবং তাদের পঠন ও মননশীলতা বাড়াতে সহায়তা করা। ইডেনের ১৫৩ বছরের ঐতিহ্যের আঙিনায় নবীন গবেষক তৈরি, গবেষণার প্রতি অদম্য আগ্রহ সৃষ্টি, সৃষ্টিশীল চিন্তার বিকাশ এবং নতুন কিছু উন্মোচনের সুযোগ তৈরির প্রত্যয়ে সংগঠনটির অভিষেক হতে যাচ্ছে।’

সাদিয়া আক্তার আশা আরও বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি চিন্তাশক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও আন্তর্জাতিক মানের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে ইএমসিআরএস কাজ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নেতৃত্বের শিখরে নিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগের সেতুবন্ধন হিসেবেও কাজ করবে সংগঠনটি। আমরা মনে করি, এর মাধ্যমে বহু বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস পেরিয়ে ইডেন মহিলা কলেজ এবার গবেষণার নতুন যুগে পা রাখছে। এর মাধ্যমে ইডেনের প্রতিটি শিক্ষার্থী নিজের এবং দেশের আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।’

source: Asia Post

Back to top button