মিয়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ আটক ৫

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার দিবাগত (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া থানার বাংলাবাজার খেয়াঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
পরবর্তীতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোটটিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার পাওয়া যায়।
অভিযানে সারসহ পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধ এবং দেশের সম্পদ অবৈধভাবে পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
source: Asia Post







