রিয়ালকে না বলে বার্সেলোনাকে সবুজ সংকেত রদ্রির

রিয়াল মাদ্রিদ নয়, লস ব্লাঙ্কোসদের চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনায় ডেরায় যাচ্ছেন বিশ্বকাপের গোল্ডেন বল যেতা স্প্যানিশ অধিনায়ক রদ্রি। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার কাতালান ক্লাবটিকে দলবদলের আলোচনা এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন। নিজের সিদ্ধান্ত রিয়ালকেও জানিয়ে দিয়েছেন বলে দাবি ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের।
দলবদল–বিষয়ক সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনার কোচ হানসি ফ্লিক ও ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন রদ্রি। সেই আলোচনার পর বার্সেলোনার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন তিনি।
ক্লাবটির আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব রদ্রির এজেন্টের হাতে পৌঁছেছে। ম্যানচেস্টার সিটির সঙ্গেও যোগাযোগ করেছে বার্সেলোনা। তবে রদ্রির এজেন্ট এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের দাবি, রিয়ালের বড় আর্থিক প্রস্তাব পাওয়ার পরও বার্সেলোনাকে বেছে নিয়েছেন রদ্রি। নিজের সিদ্ধান্ত তিনি রিয়াল কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন।
বার্সেলোনার খেলার ধরন, পেপ গার্দিওলার রেখে যাওয়া ফুটবল দর্শন এবং স্পেন জাতীয় দলের একাধিক সতীর্থের উপস্থিতি রদ্রির সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। পেদ্রি, গাভি, দানি ওলমো, ফেরান তোরেস ও লামিনে ইয়ামালদের সঙ্গে জাতীয় দলে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
কিছুদিন আগেও রদ্রিকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে ছিল রিয়াল। তবে কয়েক সপ্তাহ আলোচনা চালিয়েও তার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত এগিয়েছে বার্সেলোনা।
রদ্রির সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির আর এক বছর বাকি। দ্য গার্ডিয়ানের তথ্য, প্রায় ৬ কোটি পাউন্ডে তাকে ছাড়তে পারে সিটি। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটি প্রায় এক হাজার কোটি টাকা।
ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের হাঁটুর চোটের পর মাঝমাঠে নতুন খেলোয়াড়ের সন্ধান করছে বার্সেলোনা। বিশ্বকাপজয়ী স্পেনের অধিনায়ক রদ্রিকেই সেই শূন্যতা পূরণের আদর্শ খেলোয়াড় মনে করছে ক্লাবটি।
তবে দলবদল এখনো সম্পন্ন হয়নি। রদ্রির সম্মতি পেলেও ম্যানচেস্টার সিটির সঙ্গে পারিশ্রমিক নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে হবে বার্সেলোনাকে। আপাতত রিয়ালকে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে পাওয়ার দৌড়ে এগিয়ে গেছে কাতালানরা।
source: Asia Post







