ভোক্তা অধিদপ্তরের নতুন ডিজির দায়িত্ব গ্রহণ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যোগদান করেছেন নবনিযুক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম। মঙ্গলবার (০৪ আগস্ট) তিনি যোগদান করেন।
তার যোগদান উপলক্ষে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় নবনিযুক্ত মহাপরিচালক অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন। সভার শুরুতে তিনি তার সব সহকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
মতবিনিময়কালে মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, ‘জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি জনগুরুত্বপূর্ণ দপ্তর। জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সন ভোগ্যপণ্য ও সেবা যথাযথভাবে নিশ্চিত করা এ অধিদপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
তিনি আরও বলেন, ভোক্তা ও ব্যবসায়ীগণের মাঝে অস্বাস্থ্যকর খাদ্য এবং ভেজাল দ্রব্যাদি ব্যবহারের বা প্রতিরোধের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির ওপর বেশি গুরুত্বারোপ করা প্রয়োজন।
সব শেষে ভোক্তা স্বার্থ রক্ষায় ও সুরক্ষায় তিনি উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার আশা প্রকাশ করেন।
source: Asia Post







