News

থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আজ সোমবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, ফুকেটের পাতং এলাকায় অগ্নিকাণ্ডের শিকার ভবনটিতে যানবাহন ভাড়ার একটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরে আশপাশের চারটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। থাই কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে কোনো পর্যটক নেই।

আগুন লাগা ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলে জনপ্রিয় পাতং সমুদ্রসৈকতের কাছের একটি শহর এলাকায় অবস্থিত। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এর চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।

source: Rajneete

Back to top button