আমিরাত বৈঠকে সমঝোতা নেই, রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনাই একমাত্র সাফল্য

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত দুই দিনের বৈঠক শেষ হয়েছে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই। যুদ্ধ বন্ধের প্রশ্নে দুই দেশের অবস্থানের ব্যবধান এখনো স্পষ্ট। তবে বড় আকারের যুদ্ধবন্দি বিনিময়ে সম্মতি এবং ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। প্রায় ৯ মাস পর রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সরাসরি আলোচনায় বসাটাকেই আপাতত এই বৈঠকের বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া এই ত্রিপাক্ষিক বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। বুধবার (১১ নভেম্বর) দুই দিনের আলোচনা শেষে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা জানান, কয়েকটি বিষয়ে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে। তবে যুদ্ধের অবসান ঘটানোর মতো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার অবশ্য বৈঠককে কঠিন হলেও ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস এখনো রয়েছে। বিশেষ করে ভূখণ্ড নিয়ে বিরোধ মেটানো সবচেয়ে কঠিন হবে। যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা ও পুনর্গঠন নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকের দৃশ্যমান অগ্রগতি যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা। রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানান, দুপক্ষ বড় আকারের বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। বিনিময়ের সংখ্যা ও বিস্তারিত শর্ত চূড়ান্ত করার কথা জানিয়েছেন কুশনার।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই বিনিময় হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে দুই পক্ষের এক হাজার করে বন্দি বিনিময়ের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
তবে শান্তিচুক্তির পথে সবচেয়ে বড় বাধা দনবাস অঞ্চল। রাশিয়ার দাবি, ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় এই অঞ্চলের বাকি নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডও ছেড়ে দিতে হবে। অন্যদিকে জেলেনস্কি ভূখণ্ড না ছাড়ার বিষয়ে অনড়। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। ফলে এই প্রশ্নে সমঝোতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিয়েও মতপার্থক্য রয়েছে। ইউক্রেন চায়, ভবিষ্যৎ আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে যুক্ত করা হোক। জেলেনস্কির বক্তব্য, ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনা ইউরোপকে বাদ দিয়ে হতে পারে না। যুক্তরাষ্ট্রও ভবিষ্যৎ আলোচনায় ইউরোপের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে কথা বলেছে। তবে রাশিয়ার প্রধান আলোচক মেদিনস্কি ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বৈঠক শেষে কুশনার ও মার্কিন প্রেসিডেন্টের আরেক বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং পরে ডাবলিনে জেলেনস্কির সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেও যুদ্ধ থামেনি। ইউক্রেনের ওদেসায় রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন একজন।
সব মিলিয়ে আবুধাবির বৈঠকে যুদ্ধ বন্ধের কোনো পথরেখা তৈরি হয়নি। তবে দীর্ঘ বিরতির পর সরাসরি আলোচনা, বন্দি বিনিময়ে সমঝোতা ও পরবর্তী বৈঠকের উদ্যোগ কূটনৈতিক প্রক্রিয়াকে সচল রাখার একটি সুযোগ তৈরি করেছে।
source: Rajneete







