পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ ফারাক্কা চুক্তি নিয়ে বলেছেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আমি মনে করি ভারত ফারাক্কা চুক্তি গ্যারান্টি ক্লোজ দিয়ে নবায়ন করে এবং তাদের সঙ্গে সংযুক্ত ৫৪টি নদীর পানি হিস্যা অনুযায়ী বণ্টন করে প্রমাণ করবে তারা আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র্র।
রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় করতোয়া সেতুর নির্মাণের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সমর্থন নিয়েও বিতর্ক হয়েছিল। এজন্য আমাদেরকে গ্যারান্টি ক্লোজ দিয়ে চুক্তি নবায়নের মধ্যে দিয়ে বিতর্কের অবসান করে প্রমাণ করবে তারা আসলেই আমাদের বন্ধু।
এসময় পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে মীরগড়ের কাঠের সেতু এলাকায় ২০৩ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণের জন্য একনেকে পাস হওয়ায় প্রতিমন্ত্রীকে মিষ্টি খাওয়ান এলাকাবাসী।
source: Asia Post







