News

মাহদীকে বিমানবন্দরে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ফিরিয়ে দেওয়ার নেপথ্যে কী?

জ্যামাইকা যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নির্ধারিত ফ্লাইটে জ্যামাইকা যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশ ছাড়তে পারেননি তিনি।

মাহদীর পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ভ্রমণ ভিসায় জ্যামাইকা যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন তিনি। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১১টা ৪০ মিনিটের দিকে তিনি বিমানবন্দর থেকে বের হয়ে আসেন।

পরিবারের দাবি, মাহদী হাসানকে আটকে রাখার কারণ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিদেশযাত্রার অনুমতি নেই। এছাড়া হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তার পাসপোর্ট ‘ব্লক’ করে দেওয়া হয়েছে বলেও পরিবারকে জানানো হয়।

তবে মাহদী হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বা তার পাসপোর্ট ‘ব্লক’ করার বিষয়ে কোনো সরকারি আদেশ বা নথি পাওয়া যায়নি।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আগেও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছিল মাহদী হাসানকে। সর্বশেষ গত ১৭ আগস্ট হবিগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। পরে প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত থেকে দেশে ফেরার পরও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহদী হাসানকে ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল।

source: Asia Post

Back to top button