News

কাজের ভিসার প্রক্রিয়া চলাকালেই পরিবার নিয়ে সৌদি যাওয়ার সুযোগ

দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। এখন থেকে ওয়ার্ক ভিসা বা আকামার প্রক্রিয়া চলাকালেই পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার জন্য এন্ট্রি ভিসার আবেদন করতে পারবেন এ শ্রেণির প্রবাসীরা। এর ফলে কর্মী ও তার পরিবার একই সময়ে সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও সংযুক্ত আরব আমিরাতের দৈনিক খালিজ টাইমস।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবে বসবাসরত বিদেশি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করা এবং বিদেশ থেকে দক্ষ ও যোগ্য পেশাজীবীদের দেশটিতে আসার প্রক্রিয়া সহজ করাই এর লক্ষ্য।

নতুন ব্যবস্থায় একজন দক্ষ বিদেশি কর্মী নিজের ওয়ার্ক ভিসার আবেদন প্রক্রিয়া চলার সময়ই পরিবারের নির্দিষ্ট সদস্যদের জন্য এন্ট্রি ভিসার আবেদন করতে পারবেন। এ সুবিধার আওতায় থাকবেন কর্মীর স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী সন্তান এবং অবিবাহিত মেয়েরা।

আগের নিয়মে একজন বিদেশি কর্মীকে প্রথমে সৌদি আরবে গিয়ে নিজের ওয়ার্ক ভিসা ও রেসিডেন্স পারমিটের প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। এরপর পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে ভিসার আবেদন করতে হতো। নতুন ব্যবস্থায় সেই অপেক্ষার প্রয়োজন হবে না। কর্মী ও তার পরিবারের সদস্যরা একই সময়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

সৌদি আরবে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের স্থায়ী রেসিডেন্স পারমিট বা আকামা-সংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সম্পন্ন করা হবে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, দক্ষ পেশাজীবীদের সৌদি আরবে আকৃষ্ট করা এবং তাদের পরিবারের সঙ্গে বসবাসের সুযোগ সহজ করতে নতুন এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

source: Rajneete

আরো দেখুন
Close
Back to top button