‘খুব শিগগিরই’ শেষ হবে ইরান যুদ্ধ— ফের বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ কীভাবে শেষ হবে, কোনো সময়সীমা আছে কি না কিংবা তেহরানের সঙ্গে কী ধরনের সমঝোতা হতে পারে— এসব বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তিনি। একই সঙ্গে আবারও বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
মঙ্গলবার ওয়াশিংটনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি সরকারি প্ল্যাটফর্ম উদ্বোধনের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। তারা খুব খারাপ অবস্থায় আছে। খুব শিগগিরই এটা শেষ হয়ে যাবে।’ যুদ্ধ শেষ হলে তেলের দামও আগের অবস্থায় নেমে আসবে বলে মন্তব্য করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এর এক দিন আগেও ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবে, ‘একভাবে হোক বা অন্যভাবে’। একই সঙ্গে জানান, যুদ্ধ শেষ করার চেষ্টা করা মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের যোগাযোগ হয়েছে।
তবে ট্রাম্পের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতা চললেও বড় কোনো অগ্রগতির খবর নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে কাতার। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুপক্ষের মধ্যে পৃথক আলোচনা হয়েছে। কিন্তু পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালি নিয়ে দুপক্ষের অবস্থানের বড় পার্থক্য এখনো রয়ে গেছে।
এর আগে যুদ্ধ থামাতে ইরান সম্প্রতি সাত দফার একটি প্রস্তাব দেয়। এতে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয় রয়েছে। বিনিময়ে হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার কথা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, শান্তিপূর্ণ সমাধানের পথ হিসেবে তারা প্রস্তাব দিয়েছে এবং এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে।
কিন্তু ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, ইরান ‘খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে’ এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে শেষ পর্যন্ত তেহরানকে সমঝোতায় আসতেই হবে। একই সঙ্গে তিনি নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানকে কোনো প্রস্তাব দেওয়ার খবরও অস্বীকার করেছেন।
এদিকে ইরানের পক্ষ থেকে মার্কিন দাবির বিরোধিতা করা হয়েছে। দেশটির বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে— এমন মার্কিন দাবি সঠিক নয়। তার বক্তব্য, যুদ্ধ শেষ করার একমাত্র পথ হচ্ছে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া।
ফলে ট্রাম্পের ‘খুব শিগগিরই’ যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত কি না, নাকি সামরিক চাপ অব্যাহত রাখার রাজনৈতিক বার্তা, তা এখনো স্পষ্ট নয়। তবে হরমুজ প্রণালি, ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা— এই তিন ইস্যুতেই সমঝোতার পথ এখনো কঠিন হয়ে আছে।
source: Rajneete





