News

নারায়ণগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বিজ্ঞ শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিনুর ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের কুড়িপাড়া এলাকায় বাদীর ভাড়া বাসার একটি কক্ষে ১০ বছরের শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে মো. মনির হোসেনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন।

পরে মামলাটি তদন্ত করে বন্দর থানা পুলিশ। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর ২০২৩ সালের ১২ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর মামলাটি আদালতে বিচারাধীন ছিল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ এশিয়া পোস্টকে বলেন, মামলার বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং তা পরিশোধে ব্যর্থ হলে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

source: Asia Post

Back to top button