News

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়।

জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা এ নৈশভোজে অংশ নেন।

এর আগে সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে একাধিক বৈঠক ও কর্মসূচিতে অংশ নেন সরকারপ্রধান। তুরস্ক বাংলাদেশে বিনিয়োগসহ রাজনীতি ও সামরিক খাতে পূর্ণ সমর্থন দিতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য আরও আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন। তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। শিক্ষা, ব্যবসা এবং ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে সহযোগিতা করতে আগ্রহী প্রতিষ্ঠানটি।

source: Asia Post

Back to top button