তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, পদ হারানোর অভিযোগ ছাত্রদল নেতার

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
জাকিরুল হক জামালপুর মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে। তিনি জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সাবেক সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে একই দিন সকালে নিজের ফেসবুক প্রোফাইলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে পোস্ট দেন জাকিরুল হক। পোস্টে তিনি লিখেছেন, ‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি। দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, আমি সাধারণ জনগণের পক্ষে। আমি সবসময় দেশের মানুষের পক্ষে আছি।’
এ বিষয়ে জানতে চাইলে জাকিরুল হক এশিয়া পোস্টকে বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই পোস্টের কারণেই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
source: Asia Post






