News

৫ মাসে জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ৪৫ টাকা

বর্তমান সরকারের মেয়াদের গত পাঁচ মাসের ব্যবধানে দেশে কয়েক দফা জ্বালানি তেলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ৪৫ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে অকটেনের দাম বেড়েছে ৪৫ টাকা এবং পেট্রোলের দাম বেড়েছে ৪৪ টাকা।

এর আগে গত ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিন ১৮, পেট্রল ১৯ এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়।

সবশেষ জুনে তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। ডিজেল ১১৫ টাকায় অপরিবর্তিত রেখে কেরোসিন ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা এবং অকটেন ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা করা হয়।

এরপর জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বরেও সেই দাম বহাল ছিল।

এবার আবার চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এই দাম কার্যকর হবে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে।

নতুন দামের মধ্যে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার হবে।

এর মধ্য দিয়ে বর্তমান সরকারের গত পাঁচ মাসে অকটেনের দাম বেড়েছে ৪৫ টাকা এবং পেট্রোলের দাম বেড়েছে ৪৪ টাকা।

সরকারি বিস্তারিত মূল্য কাঠামো অনুযায়ী, লিটারপ্রতি এক্স-রিফাইনারি মূল্য (কর-উত্তর) ধরা হয়েছে ডিজেল ১২৩.৫৮ টাকা, কেরোসিনে ১৪৩.৭৮ টাকা, অকটেনে ১৪৯.৭৮ টাকা এবং পেট্রোলে ১৪৪.৯৯ টাকা। এর সাথে ব্যবসায়ী পর্যায়ের মূসক, বকেয়া শুল্ক পরিশোধ, বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ভাড়া এবং ডিলার বা এজেন্টদের কমিশন যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ের চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরীযোগে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে গত ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তারিখে জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত ভাড়া প্রযোজ্য হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি।

মন্ত্রণালয়ের হিসাবে, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেলে প্রতি লিটারে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা। শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে।

এবার লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ালে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

source: Asia Post

Back to top button