News

দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন বাসটি দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাসটি টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের একাংশের ধারণা, দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। আবার বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল থেকেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। তবে কোনো ধারণার পক্ষেই এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গোয়ালন্দ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

source: Asia Post

Back to top button