News

‘১১ হাজার কোটি টাকা’ নিয়ে সংকট সমাধানের দাবি জানালেন আসিফ মাহমুদ

আলোচিত ‘১১ হাজার কোটি টাকা’ দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা ২২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি জানাচ্ছি।’

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ সাংবাদিকদের জানান, আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ, বদলি, পদায়ন, উন্নয়ন প্রকল্প ও দরপত্রে অর্থ লেনদেনের অভিযোগ এসেছে।

দুদক জানায়, এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালে ৩৬ জন ডিসি নিয়োগে ২-১০ কোটি টাকা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগে ৬০ কোটি টাকা, গাজীপুর সিটির সিইও নিয়োগে ৬৫ কোটি টাকা, এলজিআরডির প্রধান প্রকৌশলী নিয়োগে ৫২ কোটি টাকা, ওয়াসার এমডি নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডারে ১০-৩০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন প্রকল্পের ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচার করা হয়েছে। পর্তুগালে জমি কেনা ও দুবাইয়ে বিনিয়োগের অভিযোগও রয়েছে।

দুদক জানিয়েছে, এসব অভিযোগ এখনো অনুসন্ধানের পর্যায়ে রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি।

এর আগে ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ ৯ সেপ্টেম্বর বলেন, ‘দুদকের অনুসন্ধান রাজনৈতিক হয়রানি ও মিডিয়া ট্রায়ালের অংশ।’

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button