News

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। এরপর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হবে, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্ষমতা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই ভোটের তারিখ চূড়ান্ত করবে ইসি।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা তিনি দেখাবেন না। তবে ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর ভোটের তারিখ নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট হবে।

এদিকে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে।

source: Asia Post

Back to top button