জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: মাহাদী আমিন

উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা আদর্শের ছিল না, এটি ছিল পুরো ঐক্যবদ্ধ বাংলাদেশের। এ দেশের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনতার জয় হয়েছে। সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর আমরা এমন একটি পরিবেশে গণতন্ত্র দিবস পালন করছি, যেখানে দেশে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার বিদ্যমান রয়েছে। আমাদের লক্ষ্য এমন এক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ক্ষমতার আসল উৎস হবে জনগণ এবং সফলতার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় লাগবে না; মেধা ও যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি।
তিনি বলেন, সরকারের তরফ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এবং তরুণ ও নারীদের স্বাবলম্বী করার নানা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকটের কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, ১৭ বছরের পুঞ্জীভূত সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়, তবে সরকারের সুনির্দিষ্ট ৬ মাস, ২ বছর ও ৫ বছরের পরিকল্পনা রয়েছে।
টিআইবিসহ সুশীল সমাজের সংগঠনগুলোকে ওয়াচডগের ভূমিকা পালন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার যৌক্তিক সমালোচনা ও গঠনমূলক পরামর্শকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
source: Asia Post







