News

বান্দরবানে পল্লী উন্নয়ন বোর্ডের কর্মী নিখোঁজ

বান্দরবানের রুমা উপজেলায় মৃত্যুঞ্জয় কুমার মন্ডল নামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক কর্মী নিখোঁজ হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দু ইউনিয়নের এলাচু পাড়ায় ফিল্ডে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরদিন রোববার সকালে রাস্তার পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মন্ডল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রুমা কার্যালয়ে কর্মরত। শনিবার সকালে তিনি নিয়মিত দায়িত্ব পালনের উদ্দেশ্যে অফিস থেকে বের হন। পরে ফিল্ড পর্যায়ে কাজ শেষে আর বাসায় ফেরেননি বলে জানা গেছে।

নিখোঁজের ঘটনায় তার স্ত্রী সাগরিকা মন্ডল বলেন, তার স্বামী সাধারণত কখনো রাত করে বাইরে থাকেন না। প্রতিদিন ডিউটি শেষ করে যথাসময়ে বাসায় ফিরে আসেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সর্বশেষ তার সঙ্গে কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তার স্বামীকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বান্দরবানের উপপরিচালক অহিদুজ্জামান ভূঞা বলেন, মৃত্যুঞ্জয় কুমার মন্ডল সকাল সাড়ে ৯টার দিকে অফিস থেকে বের হয়ে ফিল্ডে যাওয়ার জন্য রওনা দেন। বিষয়টি আমাকে আজ সকাল ১১টার দিকে জানানো হয়। এরপর আমি দ্রুত রুমা অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং থানায় অভিযোগ করার নির্দেশ দিয়েছি। একই সঙ্গে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বিআরডিবি রুমা অফিসের কর্মকর্তা প্রকাশ চাকমা আজ দুপুর ১২টার দিকে থানায় এসে একটি নিখোঁজ জিডি করেছেন। নিখোঁজ কর্মীকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

source: Asia Post

Back to top button