কিশোরগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম এবং নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন। তারা আপন চাচা-ভাতিজা।
স্থানীয় বাসিন্দারা জানান, শাহ আলম ও মোকাররম জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান। হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আবহাওয়া বৈরী থাকা এবং দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানি পানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা আরও জানান, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তিনি ছুটিতে এসে বিয়ে করেছিলেন। শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
source: Asia Post







