News

কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশ ধারণ করে জামিনের নামে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আব্দুস সালাম (৪৯) ও মো. সুরুজ (২৬)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারি ওয়েবসাইট থেকে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের মোবাইল নম্বর সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকার আসামিদের তথ্য নিত। পরে আসামিদের পরিবারের সদস্যদের ফোন করে একজন নিজেকে কাশিমপুর কারাগারের প্রধান ফটকের কারারক্ষী ‘সাইফুল’ হিসেবে পরিচয় দিত। এরপর মানবাধিকার সংস্থার আইনজীবীর মাধ্যমে আসামির জামিন হয়েছে বলে জানিয়ে অপর সহযোগীর নম্বর দেওয়া হতো।

আইনজীবী পরিচয়ে কথা বলা ব্যক্তি আদালতের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার কথা বলে ভুক্তভোগীদের নিকটস্থ কোনো দোকানের বিকাশ পার্সোনাল নম্বরে টাকা পাঠাতে বলত। টাকা পাঠানোর পরই প্রতারকরা অর্থ তুলে মোবাইল নম্বর বন্ধ করে আত্মগোপন করত।

ডিবি জানায়, গত ১ জুলাই হাতিরঝিল থানায় দায়ের হওয়া বিকাশ/নগদ প্রতারণার একটি মামলা তদন্ত করতে গিয়ে চক্রটির বিষয়ে তথ্য পাওয়া যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সদস্যদের শনাক্ত করে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

source: Asia Post

Back to top button