ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ১১১ জন ভর্তি আছে। তাদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২৭ জন ও শিশু রয়েছে ১৫ জন। এর মধ্যে একজন নারী আইসিইউতে রয়েছে। ভর্তি থাকা সব রোগীদের চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এক হাজার ৫৪৬ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট দুই হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছিল। এবারও হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম চলছে। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। বাড়ির ছাদ, টব, ফুলের পাত্র বা আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নগরবাসীকেও নিশ্চিত করতে হবে।
source: Asia Post







