News

খাগড়াছড়ি জেলা পরিষদে কাজ হবে জনকল্যাণে: নবনিযুক্ত চেয়ারম্যান

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেছেন, জেলা পরিষদের কাজ হবে জনগণের কল্যাণে। এখানে দলীয় পরিচয় প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়।

রোববার (৩০ আগস্ট) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ম্রাসা থোয়াই মারমা বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

এ সময় তিনি পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে পরিষদের নবনিযুক্ত সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা পরিষদের জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ, নবনিযুক্ত সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেকম মিন্টু, রুবেল মারমা বক্তব্য দেন।

source: Asia Post

Back to top button