News

শ্যামবাজারে ৪৮১৫ কেজি অবৈধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা

রাজধানীর শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন মজুত ও বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪ হাজার ৮১৫ কেজি অবৈধ পলিথিন জব্দের পাশাপাশি দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএসসিসি যায়, শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং ১৫(১) উপধারার টেবিল ৪(খ) অনুযায়ী দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক ব্যবসায় লিপ্ত হবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

​অভিযান চলাকালে স্থানীয় দুটি গুদাম থেকে মোট ১৪২ বস্তায় ৪ হাজার ৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।

জব্দকৃত পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেনের হেফাজতে দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকালে শ্যামবাজার মার্কেটের সভাপতি গণি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ফেরদৌস মেহবুবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

​জনস্বার্থে ডিএসসিসি ও অন্যান্য সংস্থার এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

source: Asia Post

Back to top button