উপন্যাস যখন প্রতিবাদের ভাষা: বাদল ফরাজীর মুক্তির দাবিতে লেখক রাহিতুল ইসলাম

অমর একুশে বইমেলায় প্রতি বছর হাজারো বই প্রকাশিত হয়। তবে কিছু বই কেবল গল্পের সীমানা ছাড়িয়ে হয়ে ওঠে অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। তেমনই এক মানবিক উপাখ্যান নিয়ে এবারের বইমেলায় হাজির হয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত তার নতুন উপন্যাস ‘বাদলের কারাবাস’ কোনো নিছক কল্পনা নয়; বরং এক নির্দোষ তরুণের দীর্ঘ দেড় দশকের বেশি বন্দিজীবনের এক করুণ আলেখ্য।
যৌবনের সেরা সময়গুলো যেখানে খোলা আকাশে ডানা মেলার কথা ছিল, সেখানে এক বাঙালি তরুণকে কাটাতে হয়েছে অন্ধকার প্রকোষ্ঠে। দীর্ঘ ১৮ বছর ধরে বিদেশের মাটিতে ভুল পরিচয়ে এবং বিনা বিচারে বন্দি থাকা সেই তরুণের নাম বাদল ফরাজী। তাজমহল দেখতে ভারতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে খুনের দায়ে অভিযুক্ত হন তিনি। অথচ সেই অপরাধের সঙ্গে তার কোনো দূরতম সম্পর্কও ছিল না। বর্তমানে তিনি বাংলাদেশে বন্দি থাকলেও আইনি জটিলতায় এখনো মেলেনি মুক্তি। রাহিতুল ইসলাম তার নিপুণ লেখনীতে বাদলের সেই একাকিত্ব, পরিবারের দীর্ঘশ্বাস আর মুক্তির হাহাকারকে মলাটবন্দি করেছেন।
বইটি প্রসঙ্গে লেখক রাহিতুল ইসলাম বলেন, এটি কেবল একটি উপন্যাস নয়, এটি একজন মানুষের বিচার পাওয়ার আকুতি। আমি চেয়েছি পাঠকরা জানুক, কীভাবে একটি ভুল একজনের পুরো জীবনকে তছনছ করে দিতে পারে। এই বইটি বাদল ফরাজীর মুক্তির দাবিতে একটি নীরব প্রতিবাদ।
প্রকাশের পর থেকেই বইটি পাঠকদের মধ্যে বিশেষ কৌতূহল ও আবেগ সৃষ্টি করেছে। অনেক পাঠক স্টলে এসে বাদলের জীবনের খোঁজ নিচ্ছেন এবং এই মানবিক উদ্যোগের প্রশংসা করছেন। বইটি অমর একুশে বইমেলায় প্রথমা প্রকাশনের ৮১২-৮১৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
যারা সত্য ঘটনার ওপর ভিত্তি করে মানবিক গল্প পড়তে ভালোবাসেন এবং এক নির্দোষ তরুণের মুক্তির মিছিলে শামিল হতে চান, তাদের জন্য ‘বাদলের কারাবাস’ হতে পারে এবারের মেলার অন্যতম সেরা সংগ্রহ।
source: Asia Post







