নেপালে আকস্মিক বন্যায় ৪৬৯ মরদেহ উদ্ধার, নিখোঁজ হাজার

নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া জেলায় আকস্মিক বন্যার দুই দিন পরও শেষ হয়নি উদ্ধার অভিযান। এখন পর্যন্ত ৪৬৯ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে দুর্যোগের পর থেকে নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ।
শুক্রবার ভোরে নেপাল পুলিশ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে অন্তত ৫৪০ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার (২৬ আগস্ট) ভোতি কোশি নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির পর সীমান্তবর্তী রাসুয়া জেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। একই দুর্যোগ সীমান্তের ওপারে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং জেলাতেও আঘাত হানে।
বন্যার স্রোতের সঙ্গে নেমে আসা বিপুল পরিমাণ কাদা, পাথর ও আবর্জনায় নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা ঢেকে যায়। এতে বহু মানুষ নিখোঁজ হন। দুর্গম এলাকায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় নিখোঁজদের সবার অবস্থান এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দুপুরে নেপাল ও চীনের সরকারি মুখপাত্রদের দেওয়া তথ্য অনুযায়ী, রাসুয়া ও গিরং মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ছিল অন্তত ১ হাজার ৩৮৪। এর মধ্যে নেপালের ৮২৬ জন এবং তিব্বতের ৫৫৮ জন।
নিখোঁজদের বড় একটি অংশ বিদেশি নাগরিক। নেপালের অংশে নিখোঁজ রয়েছেন প্রায় ৫০০ বিদেশি, আর তিব্বতে নিখোঁজ বিদেশির সংখ্যা প্রায় ২৬০ জন।
শুক্রবার নেপাল পুলিশের দেওয়া নতুন হিসাবে ৪৬৯ জনের মরদেহ উদ্ধারের তথ্য সামনে এলেও নিখোঁজ এক হাজারের বেশি মানুষের বিষয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
source: Rajneete







