ট্রলারভর্তি ১০০ মণ ইলিশ নিয়ে ফিরলেন জেলেরা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১০০ মণ ইলিশ ধরা পড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে ট্রলারভর্তি করে এসব ইলিশ বন্দরে পৌঁছালে ব্যবসায়ী ও আড়তদারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
পরে আলীপুরের সিফাত ফিশ আড়তে এসব ইলিশের নিলাম শুরু হয়। দিনব্যাপী নিলাম শেষে মাছগুলো প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটি মাঝি বাদশা মিয়ার নেতৃত্বে ১৫ জন জেলেকে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। সাগরযাত্রার আগে ট্রলারটিতে প্রায় দেড় লাখ টাকার প্রয়োজনীয় বাজার-সদাই তোলা হয়।
এক দিন পর সাগরের পশ্চিম বয়া সংলগ্ন এলাকায় জেলেদের জালে একের পর এক ইলিশ ধরা পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ট্রলারের বরফঘর ও সংরক্ষণস্থল ইলিশে ভরে যায়। বিপুল মাছ পাওয়ার পর আনন্দ-উচ্ছ্বাস নিয়ে জেলেরা ট্রলারটি নিয়ে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
একসঙ্গে এত পরিমাণ ইলিশ ধরা পড়ায় উপকূলীয় জেলেদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সাম্প্রতিক সময়ে সাগরে ইলিশের সংকট নিয়ে হতাশায় থাকা অনেক জেলেই এখন ভালো মাছ পাওয়ার প্রত্যাশায় নতুন উদ্যমে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিছুদিন ধরে সাগরে ইলিশের সংকট দেখা দিয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে এবং জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে।
তিনি আরও বলেন, বৃষ্টিপাত বাড়লে সাগরে ইলিশের আহরণ আরও বাড়তে পারে। এতে জেলে, আড়তদার, মাছ ব্যবসায়ীসহ ইলিশ আহরণ ও বিপণনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাই অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
source: Asia Post







