বাবাকে পুলিশের হাতে তুলে দিলেন ছেলে

জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে নিজের বাবাকে পুলিশে দিয়েছেন ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পৌর শহরের বেপারীপাড়া এলাকার মুলাইম খান বেপারীর ছেলে আরিফ বেপারী (৩৮)। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। প্রায় তিন মাস আগে তার স্ত্রী মারা যান।
স্থানীয়রা জানান, আরিফ বেপারী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবারের সদস্যরা বারবার তাকে মাদক সেবন থেকে বিরত থাকার পরামর্শ দিলেও তিনি তা মানতেন। মাদক সেবনের পর প্রায়ই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে অকারণে বিরোধে জড়াতেন এবং অসদাচরণ করতেন।
রোববার বিকেলে নিজ বাড়িতে মাদক সেবনের পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বেপরোয়া আচরণ শুরু করেন। এতে অতিষ্ঠ হয়ে তার ছেলে মোহন বেপারী ইসলামপুর থানায় খবর দেন। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের বলেন, মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণের দায়ে ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
ইসলামপুর থানার এসআই মো. জুনায়েদ হাসান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত আরিফ বেপারীকে রাতেই জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
source: Asia Post







