বঙ্গভবনে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতির শপথ: চিফ হুইপ

আগামী শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
চিফ হুইপ বলেন, সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যদিয়ে ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে, ইতিহাসের মাহেন্দ্রক্ষণ।
এ সময় আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
উল্লেখ্য, গত ২৪ জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
source: Asia Post







