বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের সারা দেশে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তার জন্মনাম ছিল খালেদা খানম পুতুল। বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। তাদের পরিবার পরে দিনাজপুরে চলে যায়। তাদের পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে।
স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। ১৯৮২ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে দলের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।
১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেন।
গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, ফুসফুস, হৃদ্যন্ত্র ও চোখের সমস্যায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। মৃত্যুর আগে দীর্ঘ সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
source: Asia Post







