প্রতিটি ইউনিয়নে হবে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ ও প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী মাঠে গিয়ে খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে উৎসাহের সঙ্গে কার্যক্রম শুরু করেছেন। আমরা এই অর্থবছরে ১০টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করব।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর ফাইনাল খেলা শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা দূর করে একটি মানবিক রাষ্ট্র এবং রাজনীতির গুণগত মান পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড ব্যক্তিউদ্যোগে শুরু হয়েছে। আমরা এটাকে সরকারিভাবে স্বীকৃতি দিলে এটি আরও উৎসাহ পাবে। আমরা খেলাধুলার উন্নয়নের জন্য টেপবল মাঠও তৈরি করব।
কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া-সংশ্লিষ্ট সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
source: Asia Post






