রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন-মিসাইল হামলা, নিহত অন্তত ২২

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা তীব্র পাল্টাপাল্টি হামলায় দুই দেশে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এ ছাড়া পূর্ব ইউক্রেনের আরও দুটি লোকালয় ও বসতি দখলের দাবি করেছে রাশিয়ান বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-র এক প্রতিবেদনে দুই দেশের স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়, হামলায় উভয় পক্ষেই ১১ জন করে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ার সীমান্ত ও পর্যটন এলাকায় ড্রোন হামলা
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, সোমবার (৩ আগস্ট) গেলেনঝিকের নিকটবর্তী পর্যটনগ্রাম আরখিপো-ওসিপোভকায় একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৪০ জন আহত হন।
অন্যদিকে, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার মস্কো-সমর্থিত প্রধান সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানান, ক্রিমিয়ায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন দুজন। এছাড়া সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ জানান, সীমান্ত এলাকার বিভিন্ন লোকালয়ে হামলায় চার বেসামরিক নাগরিক নিহত ও ১৭ জন আহত হন।
ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ান মিসাইল ও ড্রোন বর্ষণ
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোলপাম্পে রাশিয়া হামলা চালালে তিনজন নিহত হন। এদের মধ্যে এক জরুরি সেবাকর্মী ও তার আট বছর বয়সী ছেলেও রয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, হামলার পরপরই সেখানে ভয়াবহ আগুন ধরে যায় এবং পেট্রোলপাম্পসহ বেশ কয়েকটি যানবাহন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
এছাড়া জাপোরিঝঝিয়ায় রাতভর চালানো আরেক হামলায় দুই শিশুসহ আরও আটজনের প্রাণহানি ঘটেছে।
ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’ নিয়ে জেলেনস্কির অভিযোগ
কিয়েভ থেকে আল জাজিরার প্রতিনিধি অড্রি ম্যাকঅ্যালপাইন জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
জেলেনস্কি বলেন, কয়েকটির স্বাধীন পর্যবেক্ষক সংস্থার অনুসন্ধানে দেখা গেছে, ওয়াইল্ডবেরিজ এমন কিছু পণ্য সরবরাহ করছে যা বেসামরিক ও সামরিক উভয় কাজেই ব্যবহৃত হয়। এর মধ্যে ব্যবহৃত সামরিক হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার-অপটিক কেবল অন্তর্ভুক্ত রয়েছে, যা রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে তরান্বিত করছে।
source: Rajneete






