News

৫ আগস্টের সরকারি ছুটি পাবেন না যারা

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সরকারি ছুটি থাকলেও সব শ্রেণি-পেশার মানুষ এই ছুটির সুবিধা পাবেন না। জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিনের সঙ্গে বৃহস্পতিবারের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের অনেকেই টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছেন।

তবে হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ প্রতিষ্ঠান, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটির আওতায় থাকবেন না।

প্রতিষ্ঠানের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী এসব প্রতিষ্ঠানের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে।

এদিকে গত বছরও ৫ আগস্টের সরকারি ছুটিতে দেশের তৈরি পোশাক কারখানাগুলো বন্ধ ছিল। ওই সময় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছিল, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে চলতি বছর ৫ আগস্টের ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিজিএমইএ।

source: Asia Post

Back to top button